×

৫৪ রানে অলআউট হয়ে প্রস্তুতি ম্যাচ হারল বাংলাদেশ

অস্ট্রেলিয়া সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট হয়ে ইনিংস ও ৩৮ রানে ম্যাচ হারে টাইগাররা।

ডারউইনের মারারা ওভালে তিন দিনের প্রস্তুতি ম্যাচে প্রথম ইনিংসে বাংলাদেশ ২৬৩ রান করে। জবাবে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ ৩৫৫ রানে অলআউট হয়। ফলে প্রথম ইনিংসে ৯২ রানে পিছিয়ে পড়ে বাংলাদেশ।

দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ১৯ রান করেছিল বাংলাদেশ। হাতে ৮ উইকেট নিয়ে ৭৩ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করে তারা।

তবে তৃতীয় দিনে অস্ট্রেলিয়া একাদশের পেসার ক্যাম্পবেল থমসনের বোলিং তোপে দ্রুত গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। মাত্র ২২ ওভারে ৫৪ রানে অলআউট হয় টাইগাররা। শেষ ৮ উইকেট হারায় মাত্র ৩৫ রানের ব্যবধানে।

আগের দিন সাদমান ইসলাম ও মোমিনুল হক ৬ রান করে আউট হলেও ৭ রানে অপরাজিত ছিলেন ওপেনার তানজিদ হাসান। তৃতীয় দিনে দলের হয়ে সর্বোচ্চ ২২ রান করে আউট হন তিনি।

তানজিদ ছাড়া বাংলাদেশের আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। সৌম্য সরকার ৫, মুশফিকুর রহিম ২, উইকেটরক্ষক অমিত হাসান ৪, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ০, মেহেদি হাসান মিরাজ ৬, তাসকিন আহমেদ ০ ও এবাদত হোসেন ০ রান করেন। হাসান মাহমুদ ২ রানে অপরাজিত থাকেন।

অস্ট্রেলিয়া একাদশের হয়ে দুর্দান্ত বোলিং করেন ক্যাম্পবেল থমসন। ১১ ওভার বল করে মাত্র ২৫ রান দিয়ে ৮ উইকেট শিকার করেন তিনি। স্পিনার কোরি রকিচ্চলি নেন ২ উইকেট। প্রথম ইনিংসেও ৮৩ রানে ৬ উইকেট নিয়েছিলেন রকিচ্চলি।

প্রস্তুতি ম্যাচে বড় পরাজয়ের পর এবার মূল সিরিজের প্রস্তুতি নেবে বাংলাদেশ। আগামী ১৩ আগস্ট ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে টাইগাররা। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২২ আগস্ট ম্যাকাইয়ে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)