×

বাংলাদেশের আর্থিক খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী অস্ট্রেলিয়া

বাংলাদেশের ব্যাংকিং ও আর্থিক খাতের সক্ষমতা উন্নয়নে কারিগরি সহায়তা অব্যাহত রাখার আগ্রহ পুনর্ব্যক্ত করেছে অস্ট্রেলিয়া।

মঙ্গলবার সকালে বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে এ আগ্রহ প্রকাশ করা হয়। এতে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের নেতৃত্বে প্রতিনিধি দল এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের মধ্যে আর্থিক খাতের আধুনিকায়ন, জ্ঞান বিনিময় এবং সক্ষমতা উন্নয়নে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে উভয় পক্ষ মতৈক্যে পৌঁছায়।

অস্ট্রেলিয়ার পক্ষ থেকে ব্যাংকিং খাতে চলমান সংস্কার কার্যক্রম, খেলাপি ঋণ ব্যবস্থাপনা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতি এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে চলমান সম্পর্ক নিয়েও আলোচনা হয়।

এ সময় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা উন্নয়নে অস্ট্রেলিয়ার পূর্ববর্তী কারিগরি সহায়তার জন্য ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগের অংশ হিসেবে ‘বাংলা কিউআর’ প্রচারণার প্রশংসাও করা হয়।

বৈঠকে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস কর্মসূচির আওতায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের উচ্চশিক্ষা গ্রহণ এবং তাদের অভিজ্ঞতা বিনিময়ের বিষয়টিও গুরুত্ব পায়।

উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে আর্থিক ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)