×

ঈদে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক, নেই কোনো হুমকি : র‍্যাব মহাপরিচালক

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ বলেছেন, পবিত্র ঈদুল আজহাকে ঘিরে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের হুমকি নেই। ঈদকে কেন্দ্র করে সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার জাতীয় ঈদগাহ ময়দানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

র‌্যাব মহাপরিচালক জানান, ঈদ উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে র‌্যাবের সব ব্যাটালিয়ন নিজ নিজ এলাকায় রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করছে এবং সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, প্রধান প্রধান ঈদের জামাতকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি দেশব্যাপী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা তৎপরতা বাড়ানো হয়েছে।

মো. আহসান হাবীব পলাশ আরও বলেন, ঈদকে কেন্দ্র করে কালোবাজারি, অবৈধ মজুদদারি, দ্রব্যমূল্য বৃদ্ধি, খাদ্যে ভেজাল ও নকল পণ্য বাজারজাতের মতো অপতৎপরতা ঠেকাতে র‌্যাবের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে অনলাইন মনিটরিং কার্যক্রমও সার্বক্ষণিক চালু থাকবে।

তিনি জানান, ঈদের সময় রাজধানীসহ বিভিন্ন শহরে জনসমাগম কমে যাওয়ায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঝুঁকি বাড়ে। এ কারণে মেট্রোপলিটন শহর, জেলা ও উপজেলা পর্যায়ে রাত্রীকালীন নিরাপত্তা চৌকি ও টহল জোরদার করা হয়েছে।

এছাড়া ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে এবং দেশবাসী যেন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে র‌্যাব সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে বলেও জানান তিনি।

র‌্যাব মহাপরিচালক বলেন, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেকোনো সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)