
নিজস্ব প্রতিবেদক- ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫৪ হাজার ৯০০ টাকা।
বৃহস্পতিবার (৭ মে) সকালে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ০৬ মে রাত ৮টা ৪৫ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়নের অধীনস্থ বৈরচুনা বিওপির একটি টহল দল ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার দোপাইল গ্রামে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় সীমান্ত পিলার ৩৩৫/৬-এস থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ১৮৩ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িত পলাতক মাদক ব্যবসায়ীদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
