×

বনানীতে মশাল মিছিলের চেষ্টার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ জন কারাগারে

রাজধানীর বনানীতে মশাল মিছিলের চেষ্টার অভিযোগে গ্রেফতার হওয়া নিষিদ্ধ আওয়ামী লীগের তিন সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

শুক্রবার তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান তিন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো তিনজন হলেন— মো. আরিফ (১৯), মো. শাকিল আহমেদ (১৯) এবং আশিক আহমেদ মোস্তফা (১৯)।

বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা ও পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোক্তার হোসেন।

মামলার অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে বনানী থানা পুলিশ খবর পায় যে সৈনিক ক্লাব থেকে আর্মি স্টেডিয়ামের দিকে যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ (আউটগোয়িং) মহাসড়কে আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে প্রায় ১০০ থেকে ১২০ জনের একটি দল মশাল মিছিলের উদ্দেশ্যে জড়ো হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে তিনজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৭০টি মশাল, একটি ব্যানার এবং ৭৭টি ফেসমাস্ক উদ্ধার করা হয়।

এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে বনানী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)