
বাংলাদেশ হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন ফারুক আহমেদ।
পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফারুক আহমেদ ১৯৭১ সালের ২৯ জুলাই বগুড়ার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
পরবর্তীতে ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে ২২ ফেব্রুয়ারি ১৯৯৮ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
প্রায় তিন দশকের কর্মজীবনে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ফোর্সেস হেডকোয়ার্টার্স, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ পুলিশ একাডেমি, ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), লাইবেরিয়া ও দারফুরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এবং জেলা পুলিশে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করেছেন।
এ ছাড়া পুলিশ সুপার হিসেবে মৌলভীবাজার ও কিশোরগঞ্জ জেলায় সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। বহুমাত্রিক প্রশাসনিক দক্ষতা, অপারেশনাল নেতৃত্ব এবং কৌশলগত পরিকল্পনা প্রণয়নে তিনি বিশেষ সুনাম অর্জন করেছেন।
গত ৪ জুন তিনি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি লাভ করেন। কর্মজীবনে দেশ-বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ, সেমিনার ও অভিজ্ঞতা বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।
ভারত, চীন ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রশিক্ষণ ও পেশাগত কর্মসূচিতে অংশ নিয়ে আন্তর্জাতিক মানের পুলিশিং বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে তার যোগদানের মাধ্যমে দেশের মহাসড়কে নিরাপদ, সুশৃঙ্খল ও প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনমুখী পুলিশি সেবা আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
