×

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাপানি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি।

সোমবার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে অবস্থিত প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে তিন সদস্যের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও জাপানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন এবং ‘ফোর্সেস গোল’ বাস্তবায়নে জাপানের প্রযুক্তিগত সহায়তার বিষয়টি বৈঠকে বিশেষ গুরুত্ব পায়।

এ সময় দুই দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ, নিয়মিত সামরিক প্রতিনিধিদলের সফর এবং পেশাগত ও কারিগরি দক্ষতা উন্নয়নে সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন। পাশাপাশি আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি বিনিময়ের নতুন সম্ভাবনাও আলোচনায় উঠে আসে।

বৈঠকে বাংলাদেশ ও জাপানের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে দীর্ঘমেয়াদি কৌশলগত ও পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও সুসংহত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)