
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছে। তাই ফ্যাসিবাদের যেকোনো ধরনের ইঙ্গিত বা অশুভ কর্মকাণ্ড প্রতিহত করতে হবে।
মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিছিলটি নয়াপল্টন কার্যালয় থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে পুনরায় সেখানে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
রিজভী বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো যৌথভাবে প্রতিবাদ মিছিল করেছে, যার উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদের পুনরুত্থানের যেকোনো চেষ্টা প্রতিহত করা।
তিনি অভিযোগ করে বলেন, যারা জনগণের অধিকার কেড়ে নিয়েছিল, তারা এখন বিভিন্নভাবে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে এবং পাচার করা অর্থ ব্যবহার করছে।
রিজভী আরও বলেন, জনগণের ম্যান্ডেটে গঠিত বর্তমান গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তবে জনগণ এসব চক্রান্ত সফল হতে দেবে না।
তিনি বলেন, বিগত সময়ে গুম, খুন ও ক্রসফায়ারের রাজনীতি চললেও ভবিষ্যতে এমন পরিস্থিতি আর ফিরবে না।
বিএনপি নেতা বলেন, দেশের অগ্রগতি, গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে, তবে তা সফল হবে না।
তিনি সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
