×

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও

চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাক্ষাৎকালে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, টেকসই উন্নয়ন এবং নবায়নযোগ্য জ্বালানিতে বাংলাদেশের উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশসহ অন্যান্য ডেল্টা রাষ্ট্রের সহযোগিতায় সমন্বিত উদ্যোগ গ্রহণের জন্য ডব্লিউইএফের প্রতি আহ্বান জানান। তিনি জানান, আগামী পাঁচ বছরে বাংলাদেশ ২৫০ মিলিয়ন বৃক্ষরোপণ করবে এবং প্রায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনঃখননের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও বন্যা ঝুঁকি কমানোর উদ্যোগ বাস্তবায়ন করছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বাড়াতে সরকার সৌরবিদ্যুৎ খাতে কর-সুবিধা দিয়েছে এবং ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে।

ডব্লিউইএফ প্রেসিডেন্ট আলোইস জভিংগি সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানান এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তার অভিজ্ঞতা ও উদ্যোগকে বৈশ্বিক পর্যায়ে কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন।

তিনি বলেন, বাংলাদেশের জলবায়ু সহনশীলতা ও টেকসই উন্নয়ন কর্মসূচি আন্তর্জাতিক বিনিয়োগকারী ও অর্থায়নকারী প্রতিষ্ঠানের আগ্রহ বাড়াবে। একই সঙ্গে বাংলাদেশের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

সাক্ষাৎ শেষে আলোইস জভিংগি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)