
দিনাজপুরে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর আওতায় সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়া (সামারি ট্রায়াল) পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানকে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার রাত সাড়ে ৮টায় দিনাজপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।
সূত্র জানায়, দিনাজপুর বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহাগ আলীর নেতৃত্বে এ সামারি ট্রায়াল পরিচালিত হয়। সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত দিনাজপুর শহরের দিলশাদ রেস্তোরাঁ, ভিন্ন স্বাদ এবং কাচ্চি ভাই নামের তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
অভিযানকালে নিম্নমানের খাদ্যসামগ্রী প্রস্তুত ও বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় ফ্রিজে সংরক্ষিত বিভিন্ন খাদ্যপণ্যে প্রয়োজনীয় লেবেল না থাকা, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করা এবং মেয়াদবিহীন প্যাকেটজাত খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রির প্রমাণ পাওয়া যায়।
জব্দকৃত ত্রুটিপূর্ণ খাদ্যপণ্যের মধ্যে দই, রসমালাই, কফি, চানাচুর, মাংস ও মসলা উল্লেখযোগ্য।
এসব অনিয়মের দায়ে হাসপাতাল মোড়ের দিলশাদ রেস্তোরাঁ, গণেশতলার মদিনা টাওয়ারে অবস্থিত কাচ্চি ভাই এবং নিমতলা মোড়ের ভিন্ন স্বাদ প্রতিষ্ঠানকে এক লাখ টাকা করে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
সামারি ট্রায়াল পরিচালনার সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং পুলিশের একটি দল বিচারিক কার্যক্রমে সহযোগিতা করে।
