
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। এতে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। সম্ভাব্য সুনামির আশঙ্কায় ফিলিপাইনসহ কয়েকটি দেশে সতর্কতা জারি করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) অনুযায়ী মিন্দানাও দ্বীপের সারাঙ্গানি প্রদেশের পশ্চিমে সমুদ্রে ভূমিকম্পটির উৎপত্তি হয়। এর পরপরই ফিলিপাইন ও ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়।
জেনারেল সান্তোস সিটি পুলিশের মাস্টার সার্জেন্ট রবার্ট ডাগন জানান, এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে এবং চারজন আহত হয়েছেন। তবে উদ্ধার অভিযান চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
তিনি বলেন, বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু ভবন ধসে পড়েছে। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনও পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এবং এএফপি যাচাইকৃত ভিডিওতে দেখা গেছে, জেনারেল সান্তোস শহরের একটি শপিং সেন্টার ধসে পড়েছে। সেখানে জনপ্রিয় ফাস্টফুড চেইন জলিবির একটি শাখা ছিল। এছাড়া একটি খালি স্কুল ভবনও ধসে গেছে।
প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের পরবর্তী তিন ঘণ্টার মধ্যে ফিলিপাইন, ইন্দোনেশিয়া, পালাউ, তাইওয়ান ও পাপুয়া নিউগিনির উপকূলে সুনামি আঘাত হানার আশঙ্কা রয়েছে।
ইউএসজিএস জানায়, মূল ভূমিকম্পের প্রায় দুই ঘণ্টা পর একই এলাকায় ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী আফটারশক অনুভূত হয়।
পরিস্থিতি মোকাবিলায় প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস মিন্দানাও অঞ্চলের বিভিন্ন এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন। পাশাপাশি উপকূলীয় বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
ফিলিপাইনের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ক্ষয়ক্ষতির তথ্য এখনও সংগ্রহ ও যাচাই করা হচ্ছে। অন্যদিকে ইন্দোনেশিয়াও উত্তর সুলাওয়েসি, গোরোন্তালো এবং সাংগিহে দ্বীপপুঞ্জে সুনামি সতর্কতা জারি করেছে।
জাপানও তাদের প্রশান্ত মহাসাগরীয় উপকূলের বিস্তীর্ণ এলাকায় সতর্কতা জারি করেছে। দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, কিছু এলাকায় এক মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে।
প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় ফিলিপাইনে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। গত বছরও দেশটির মিন্দানাও অঞ্চলে কয়েকটি শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।
