×

আগামীকাল পালিত হবে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল বুধবার। নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ১৯৭৮ সালের ৯ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে জাতীয়তাবাদী মহিলা দল। কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সকাল ১০টায় বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হবে।

এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এতে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ এবং বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতারা অংশ নেবেন।

এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১২ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। র‌্যালিটির উদ্বোধন করবেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভাগ, জেলা, মহানগর, থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডসহ সংগঠনের সব ইউনিটকে নিজ নিজ উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা এবং বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, এমপি, সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)