×

শিরোনাম: দিনাজপুরে ৩২ কেজির কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, আটক ১

দিনাজপুর শহরের চাতরাপাড়া এলাকায় বিজিবিসহ যৌথ বাহিনীর অভিযানে ৩২ কেজি ১৫০ গ্রাম ওজনের একটি মূল্যবান কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. পারভেজ মন্ডল (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার রাত ৮টায় দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, উদ্ধার করা মূর্তিটি প্রত্নতাত্ত্বিক তথ্য বিভাগের বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে পরীক্ষা করে কষ্টি পাথরের দুষ্প্রাপ্য ও মূল্যবান মূর্তি হিসেবে শনাক্ত করেছেন।

বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানের নেতৃত্বে বিজিবি, ম্যাজিস্ট্রেট, র‍্যাব ও সদর কোতোয়ালি থানা পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী চাতরাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে পারভেজ মন্ডলকেও আটক করা হয়। তিনি চাতরাপাড়া গ্রামের মৃত লবানা মন্ডলের ছেলে।

বিজিবি জানায়, মূর্তিটির সিজার মূল্য ৩২ লাখ ১৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে এর প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় প্রকৃত মূল্য নির্ধারণ করা সম্ভব নয়।

আটক পারভেজ মন্ডলকে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় উদ্ধার করা মূর্তিসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দিনাজপুর সদর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে বিজিবি।

সদর কোতোয়ালি থানার ওসি পরিদর্শক মো. নুরুন নবী জানান, পারভেজকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি বিভিন্ন স্থান থেকে কষ্টি পাথরের মূর্তি সংগ্রহ করে ভারতে পাচারের কথা স্বীকার করেছেন। এ চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।

তিনি আরও জানান, বুধবার পারভেজ মন্ডলকে দিনাজপুর সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।

বিজিবি অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষা ও প্রত্নসম্পদ পাচার প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক, মানবপাচার, অস্ত্রসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনেও অভিযান চলবে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)