×

শিবপুরে দুই শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৪ লাখ ৪০ হাজার টাকা

নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্টের অভিযানে দুই শতাধিক আবাসিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কারারচর মদিনা জুটমিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এফ এম নাঈম হাসান শুভ। এ সময় তিতাস গ্যাসের নরসিংদী কার্যালয়ের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার অভিযোগে বাড়ির মালিক আওয়াল ভূইয়াকে ২ লাখ, রোসন আক্তারকে ৪০ হাজার এবং মো. মুসলেম মিয়াকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

তিতাস গ্যাস নরসিংদী কার্যালয়ের ব্যবস্থাপক (ইমার্জেন্সি) আহম্মদ উল্লাহ জানান, কারারচর মদিনা জুটমিল এলাকায় বিপুলসংখ্যক অবৈধ গ্যাস সংযোগ থাকার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন বাড়িতে তল্লাশি চালিয়ে দুই শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি সংযোগের লাইনগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি জানান, বাড়ির মালিকরা কোনো বৈধ অনুমোদন ছাড়াই গোপনে এসব গ্যাস সংযোগ নিয়ে কয়েক বছর ধরে ব্যবহার করে আসছিলেন। প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রায় পাঁচ বছর ধরে অবৈধভাবে গ্যাস ব্যবহারের ফলে সরকারের প্রায় ১ কোটি ৩০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)