×

পানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে উদ্যোগী হওয়ার আহ্বান স্পিকারের

বর্তমান বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ পানি সংকট মোকাবিলায় এশিয়ার সব দেশকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এশিয়া ন্যাশনাল অ্যাসেম্বেলি ওয়াটার কনসালটেটিভ বোর্ডের (এএডব্লিউসি) জেনারেল সেক্রেটারি হা সাং জে-এর নেতৃত্বে দক্ষিণ কোরিয়ার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

স্পিকার বলেন, পানি সংকট এতটাই তীব্র যে বাংলাদেশসহ অনেক দেশের জন্য এটি জীবন-মরণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে পাকিস্তান, ভারত ও বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এ সংকট আরও গভীর আকার ধারণ করেছে। পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই প্রতিবেশী ভারতের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

সাক্ষাৎকালে হা সাং জে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্যদের এএডব্লিউসি’র সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়ে বৈশ্বিক পানি সংকট সমাধানে ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি ২০২৬ সালে লাওসে অনুষ্ঠেয় এএডব্লিউসি’র বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের জন্য স্পিকারকে আমন্ত্রণ জানান।

এএডব্লিউসি’র কার্যক্রমের প্রশংসা করে স্পিকার বলেন, পানি সমস্যার সমাধানে সংস্থাটির আইনি কাঠামোভিত্তিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বাংলাদেশের সংসদ সদস্যদের এ উদ্যোগে যুক্ত হওয়ার বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন এবং লাওসে অনুষ্ঠেয় পরবর্তী সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ থাকবে বলেও জানান।

উল্লেখ্য, এএডব্লিউসি এশিয়ার বিভিন্ন দেশের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত একটি আন্তঃসংসদীয় প্ল্যাটফর্ম, যা পানি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, পানি ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়ন বিষয়ে কাজ করে।

সাক্ষাৎকালে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)