
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) এ পর্যন্ত মোট ৮০টি মামলা দায়ের করা হয়েছে।
রোববার সংসদে নেত্রকোনা-৫ আসনের বিরোধী দলীয় সদস্য (জামায়াতে ইসলামী) মাসুম মোস্তফার টেবিলে উত্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
মন্ত্রী বলেন, দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে সাতটির রায় ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে এবং বাকি ৭৩টি মামলার বিচারিক কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে ২২টি মামলা বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে এবং ৫১টি মামলার তদন্ত কার্যক্রম চলমান আছে।
তিনি আরও জানান, নিষ্পত্তিকৃত সাতটি মামলায় মোট ৫৯ জন আসামিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এর মধ্যে ১৩ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং বাকিদের যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সংসদকে জানান, এসব মানবতাবিরোধী অপরাধ মামলায় মোট আসামির সংখ্যা ৪৬৩ জন। তাদের মধ্যে ১৭৪ জন গ্রেফতার হয়েছেন, ২৮৮ জন পলাতক রয়েছেন, একজন মৃত্যুবরণ করেছেন এবং একজন খালাস পেয়েছেন।
তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে আইনানুগ প্রক্রিয়ায় এসব মামলার বিচার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে এবং সরকার মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।
