
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
বৃহস্পতিবার সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতের তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ হোসেন স্বাধীন।
তিনি জানান, বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার বর্তমান সরকারের মেয়াদে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ খাতে ব্রিটিশ সরকারের সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
শাহাদাৎ হোসেন স্বাধীন আরও জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর পর বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন ব্রিটিশ হাইকমিশনার।
সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
