
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক বিশ্বে ডেটা বা উপাত্ত ছাড়া কোনো তথ্যই মূলত ব্যক্তিগত ধারণা বা অভিমতের বেশি কিছু নয়।
তিনি বলেন, নির্ভরযোগ্য উপাত্ত ছাড়া জনসংযোগ কিংবা প্রচার কার্যক্রম কার্যকর ও বিশ্বাসযোগ্য হতে পারে না। তাই যেকোনো বার্তা বা তথ্য উপস্থাপনের ক্ষেত্রে জনসংযোগ কর্মকর্তাদের সুনির্দিষ্ট ও বস্তুনিষ্ঠ উপাত্তের ওপর নির্ভর করার আহ্বান জানান তিনি।
আজ সকালে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের (পিআরও) প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, “এখনকার সময় হচ্ছে নির্ভুল ডেটার যুগ। মাঠপর্যায়ে কী কাজ হচ্ছে বা সরকারের বার্তা জনগণের কাছে কতটা পৌঁছাচ্ছে, তা শুধু ধারণা বা মৌখিক বক্তব্য দিয়ে মূল্যায়ন করা সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “কোনো তথ্যের গ্রহণযোগ্যতা ও সত্যতা নিশ্চিত করতে হলে তার পেছনে নির্ভরযোগ্য উপাত্ত থাকতে হবে। উপাত্তবিহীন তথ্য সমাজে কেবল ব্যক্তিগত মতামত হিসেবেই বিবেচিত হয়, যার প্রাতিষ্ঠানিক বা বস্তুনিষ্ঠ গুরুত্ব থাকে না।”
জনসংযোগ ব্যবস্থার আধুনিকায়নে ‘সাইকোগ্রাফি’ ও ডিজিটাল ফুটপ্রিন্ট বিশ্লেষণের গুরুত্ব তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মের কনটেন্ট বিশ্লেষণের মাধ্যমে এখন সহজেই নির্ভুল উপাত্ত সংগ্রহ করা যায়। কোনো সংবাদ বা তথ্যের বিপরীতে মানুষের প্রতিক্রিয়া—লাইক, ডিসলাইক কিংবা মন্তব্য বিশ্লেষণ করে জনমতের সুনির্দিষ্ট চিত্র পাওয়া সম্ভব।
তিনি বলেন, “এই বৈজ্ঞানিক উপাত্ত ব্যবহার করেই জনসংযোগ কর্মকর্তাদের পারসেপশন ম্যানেজমেন্ট এবং নেতিবাচক প্রচারণা মোকাবিলা করতে হবে।”
তথ্য ক্যাডারের কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, নিজেদের দক্ষ ‘ডিজিটাল ফোর্স’ হিসেবে গড়ে তুলতে হবে। প্রতিটি মন্ত্রণালয়ের উন্নয়ন ও সাফল্য যদি পরিসংখ্যান ও উপাত্তের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরা যায়, তাহলে তথ্যের বিশ্বাসযোগ্যতা বহুগুণে বৃদ্ধি পাবে। উপাত্তভিত্তিক প্রচারণাই বিভ্রান্তি দূর করে জনমনে সঠিক ধারণা প্রতিষ্ঠা করতে সক্ষম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম ও মো. ইয়াসীন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক:
এ্যাডভোকেট মিঞা মোঃ শিরণ আলম
নিবার্হী সম্পাদক: মোঃ শাহ আলম মন্ডল
বার্তা সম্পাদক: ১। মোঃ মঈনুল ইসলাম
২। মোঃ হানিফুর রহমান
মফস্বল সম্পাদক: মোঃ হাসিন ইশরাক সরকার
অফিস:
ঘাটপাড়, বিরামপুর,দিনাজপুর
ইমেইল:birampurbd26@gmail.com
মোবাইল: সম্পাদক ও প্রকাশক: 01716-559608
নির্বাহী সম্পাদক: 01715-778350
Copyright © 2026 Birampurbd