×

বাংলাদেশ থেকে ৪ খাতে কর্মী নিতে আগ্রহী কাতার

কাতারে দক্ষ জনশক্তি নিয়োগে বাংলাদেশের প্রতি আগ্রহ আরও বাড়ছে। বাংলাদেশের ৫টি নির্দিষ্ট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি টেকনিশিয়ান ও ওয়েল্ডিং খাতে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে দেশটি।

সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররি।

বাংলাদেশ-কাতার যৌথ কমিটির বৈঠকের শুরুতে কাতারের শ্রমমন্ত্রীকে স্বাগত জানিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, গত কয়েক দশকে দুই দেশের ভ্রাতৃপ্রতীম সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। বাংলাদেশি কর্মীদের কল্যাণ ও সমস্যা সমাধানে কাতার সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন তিনি।

এ সময় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জরুরি চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর ঘটনায় কাতারের আমিরের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রবাসী কল্যাণমন্ত্রী।

মন্ত্রী জানান, বর্তমানে কাতারে ৪ লাখের বেশি বাংলাদেশি কর্মী বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে দক্ষতা ও সততার সঙ্গে কাজ করছেন। ২০২৩ সালে ১ লাখ ৭ হাজার ৫৯৮ জন বাংলাদেশি কর্মী কাতারে গেছেন উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, চলতি বছরে এই সংখ্যা আরও বাড়বে।

তিনি বলেন, কাতারগামী কর্মীদের জন্য ঢাকায় বর্তমানে একটি মাত্র ভিসা ও মেডিকেল সেন্টার রয়েছে, যা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। দ্রুত ভিসা ও স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে দেশের ৮টি বিভাগীয় শহরে ভিসা ও মেডিকেল সেন্টার স্থাপনের অনুরোধ জানান তিনি।

আরিফুল হক আরও জানান, মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ১১০টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে বিদেশগামী কর্মীদের জন্য ৫৫টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

বৈঠকে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক কাতারের উন্নয়ন কার্যক্রমে অংশ নিতে বাংলাদেশ থেকে দক্ষ ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, কেয়ারগিভার, ইমাম, মোয়াজ্জিন, খতিব ও ধর্মীয় শিক্ষক নিয়োগের আহ্বান জানান।

জবাবে কাতারের শ্রমমন্ত্রী বাংলাদেশের কর্মীদের দক্ষতার প্রশংসা করে জানান, বর্তমানে কাতারে প্রায় ৪ লাখ ৭৩ হাজার বাংলাদেশি কর্মরত রয়েছেন। এর মধ্যে প্রায় ৩০ শতাংশ উন্নয়ন খাতে এবং বাকিরা বিভিন্ন পেশায় নিয়োজিত।

তিনি বলেন, অদক্ষ কর্মীদের দক্ষ করে তুলতে কাতারে ইতোমধ্যে দুটি বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এছাড়া বিভাগীয় শহরে ভিসা সেন্টার বাড়ানোর বিষয়ে তিনি কাতারের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও আশ্বাস দেন।

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সেয়ারা আলী মাহদি সাঈদ আল কাহতানি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খানসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)