
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে রওনা হওয়ার আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিশ্বমঞ্চে দেশের অবস্থান ‘জোরালোভাবে তুলে ধরার’ অঙ্গীকার করেছেন।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিও ফুটেজে দেখা যায়, নিউইয়র্কের উদ্দেশে তেহরান ছাড়ার আগে পেজেশকিয়ান বলেন, ‘আমরা মাথা উঁচু করে বিজয়ী হয়েছি এবং এটি আমাদের সবার জন্য মর্যাদা ও গর্বের। তাই আন্তর্জাতিক ফোরামগুলোতে আমরা জোরালোভাবে আমাদের অবস্থান তুলে ধরব।’
তেহরান থেকে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে ইরানি প্রেসিডেন্টের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইরানের দুর্দশার চিত্র তুলে ধরতে আমরা এই সুযোগের সর্বোত্তম ব্যবহার করব। সব ধরনের অন্যায় ও অবিচার সত্ত্বেও ইরানের জনগণ যে তাদের অবস্থানে অবিচল রয়েছে, আমরা দৃঢ়তার সঙ্গে তা আমাদের প্রতিপক্ষকে জানাব।’
গত ফেব্রুয়ারির শেষ দিকে মার্কিন-ইসরাইলি হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর পেজেশকিয়ানই প্রথম ইরানি নেতা, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে সফর করছেন এবং দেশটির মাটিতে পা রাখা সর্বোচ্চ পদমর্যাদার ইরানি কর্মকর্তা।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, চলমান যুদ্ধের মধ্যেও ইরানি প্রতিনিধিদলের কয়েকজন সদস্যকে জাতিসংঘের অধিবেশনে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে তাদের চলাচলের ওপর নির্দিষ্ট কিছু বিধিনিষেধ থাকবে।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে ইরানের প্রেসিডেন্টের মুখপাত্র হাবিবুল্লাহ আব্বাসি জানান, পেজেশকিয়ানের যোগাযোগ দলের সদস্যদের ভিসা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। তাদের সফরেরও অনুমতি দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তকে ‘শত্রুতামূলক’ বলে অভিহিত করেছেন তিনি।
এদিকে, তেহরান ও ওয়াশিংটনের চলমান সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করার বিষয়টি। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ দিয়ে পরিবহন করা হতো। তবে ইরানের বাণিজ্যিক জাহাজে গুলিবর্ষণ এবং ওই পথে চলাচলের জন্য পূর্বানুমতির শর্ত আরোপের কারণে নৌযান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক:
এ্যাডভোকেট মিঞা মোঃ শিরণ আলম
নিবার্হী সম্পাদক: মোঃ শাহ আলম মন্ডল
বার্তা সম্পাদক: ১। মোঃ মঈনুল ইসলাম
২। মোঃ হানিফুর রহমান
মফস্বল সম্পাদক: মোঃ হাসিন ইশরাক সরকার
অফিস:
ঘাটপাড়, বিরামপুর,দিনাজপুর
ইমেইল:birampurbd26@gmail.com
মোবাইল: সম্পাদক ও প্রকাশক: 01716-559608
নির্বাহী সম্পাদক: 01715-778350
Copyright © 2026 Birampurbd