
আর্লিং হালান্ডের জোড়া গোলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শুভ সূচনা করেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি।
গতরাতে শুরু হওয়া চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে ম্যানচেস্টার সিটি ২-০ গোলে হারিয়েছে পর্তুগিজ ক্লাব পোর্তোকে। ম্যাচে দুই গোলই করেছেন নরওয়ের তারকা হালান্ড।
পোর্তোর মাঠ এস্তাদিও দো দ্রাগাওয়ে শুরু থেকেই বলের দখল নেয় ম্যানচেস্টার সিটি। ২১ মিনিটে প্রথম গোলের সুযোগ পায় সিটি। ফিল ফোডেনের ক্রস থেকে হালান্ডের দুর্দান্ত শট দারুণভাবে প্রতিহত করেন পোর্তোর গোলরক্ষক দিয়েগো কস্তা।
৩২ মিনিটে আবারও সিটির সামনে বাধা হয়ে দাঁড়ান কস্তা। বক্সের ভেতর থেকে হালান্ডের জোরালো শট আটকে দেন তিনি। শেষ পর্যন্ত গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পায় ম্যানচেস্টার সিটি। ৪৭ মিনিটে রায়ান শেরকির পাস থেকে বল পান এনজো ফার্নান্দেজ। পোর্তোর বক্সে থাকা হালান্ডকে ক্রস করেন তিনি। সেই ক্রস থেকে হেডে বল জালে পাঠান হালান্ড। এগিয়ে যায় ম্যান সিটি।
পিছিয়ে পড়ে সমতা ফেরাতে আক্রমণ বাড়ায় পোর্তো। ৫৪ মিনিটে কর্নার থেকে আলবের্তো কস্তার হেড করা বলে গোল করতে ব্যর্থ হন ডিফেন্ডার নিহুয়ান পেরেজ। ৬২ মিনিটে কস্তার যোগান দেওয়া বল থেকে পোর্তোর মিডফিল্ডার অ্যালান ভারেলার শট ম্যান সিটির বার ঘেঁষে চলে যায়।
ম্যাচের ইনজুরি সময়ে ম্যান সিটির হয়ে দ্বিতীয় গোলটি করেন হালান্ড। রায়ান আইত-নুরির পাস থেকে নিচু শটে গোল করেন তিনি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।
ম্যান সিটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত ৩৬ গোল করেছেন হালান্ড। এর মধ্য দিয়ে প্রতিযোগিতায় ক্লাবটির হয়ে সর্বোচ্চ গোল করা আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরোর রেকর্ড স্পর্শ করলেন তিনি। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ৫৯ ম্যাচে ৫৯ গোল করেছেন হালান্ড।
সব প্রতিযোগিতা মিলিয়ে ম্যানচেস্টার সিটির হয়ে ১৬৭ গোল করেছেন হালান্ড। ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয় স্থানে উঠেছেন তিনি।
ম্যাচের শেষ দিকে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। হালান্ডকে বাজেভাবে ট্যাকল করায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ ঘটনায় হালান্ড ও পাবলো রোসারিও—দুজনকেই হলুদ কার্ড দেখানো হয়। একই ঘটনায় মাঠের বাইরে থেকে হলুদ কার্ড দেখেন পোর্তোর কোচ ফ্রান্সেসকো ফারিওলি।
সম্পাদক ও প্রকাশক:
এ্যাডভোকেট মিঞা মোঃ শিরণ আলম
নিবার্হী সম্পাদক: মোঃ শাহ আলম মন্ডল
বার্তা সম্পাদক: ১। মোঃ মঈনুল ইসলাম
২। মোঃ হানিফুর রহমান
মফস্বল সম্পাদক: মোঃ হাসিন ইশরাক সরকার
অফিস:
ঘাটপাড়, বিরামপুর,দিনাজপুর
ইমেইল:birampurbd26@gmail.com
মোবাইল: সম্পাদক ও প্রকাশক: 01716-559608
নির্বাহী সম্পাদক: 01715-778350
Copyright © 2026 Birampurbd