
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে এবং চলতি মাসেই এ নির্বাচনের বিস্তারিত কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।
আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। ইউপি নির্বাচন একটি পর্যায়ে যাওয়ার পর সিটি করপোরেশন, পৌরসভা ও অন্যান্য স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে।
ইউপি নির্বাচনের তফসিল প্রসঙ্গে তিনি বলেন, চলতি মাসের মধ্যেই এ বিষয়ে অনেক কিছু সুনির্দিষ্টভাবে জানানো সম্ভব হবে। কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এক থেকে দুই সপ্তাহের মধ্যে নির্বাচনের তফসিল জানানো হতে পারে বলেও জানান তিনি।
নির্বাচনের সময় নির্ধারণ প্রসঙ্গে ইসি বলেন, নভেম্বর ও ডিসেম্বর মাসে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বার্ষিক, বৃত্তি ও টেস্ট পরীক্ষাসহ নানা ব্যস্ততা থাকে। ভোটকেন্দ্র হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ব্যবহৃত হয় এবং শিক্ষকরাই প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। তাই পরীক্ষার সময় বাদ দিয়ে আগে বা পরে নির্বাচনের তারিখ নির্ধারণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। তবে আইনি বাধ্যবাধকতা থাকা নির্বাচনগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি বলেন, অতীতের অভিজ্ঞতার আলোকে এবার আরও সাহসী পদক্ষেপ নেওয়া হচ্ছে। সব ভোটকেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর মুভমেন্ট দ্রুত করতে ড্রোন ব্যবহারের পাশাপাশি বডি-ওর্ন ক্যামেরার সংখ্যাও বাড়ানো হবে। অপতথ্যের ঝুঁকি মোকাবিলাতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও আচরণবিধিতে কিছু কড়াকড়ি থাকবে জানিয়ে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ভিআইপিরা যেন সরকারি সুযোগ-সুবিধা ব্যবহার করে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে না পারেন, সে বিধান রাখা হয়েছে। পাশাপাশি পচনশীল নয় এমন দ্রব্য বা পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। শিগগিরই সংশোধিত আচরণবিধির প্রজ্ঞাপন জারি হবে।
এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়া প্রসঙ্গে তিনি বলেন, কোনো শিক্ষক নির্বাচনে প্রার্থী হলে সহকর্মীরা তার পক্ষে কাজ করেন। এতে ভোটকেন্দ্রে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। শিক্ষাঙ্গনকে রাজনীতিমুক্ত রাখা এবং শিক্ষকদের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে এমপিওভুক্ত শিক্ষকরা যেন নির্বাচনে অংশ নিতে না পারেন, সে বিষয়ে একটি পর্যবেক্ষণ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন প্রসঙ্গে ইসি বলেন, আইন অনুযায়ী এ আসনের উপনির্বাচন ৯০ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। এ জন্য কমিশন প্রস্তুত রয়েছে এবং শিগগিরই তফসিল ঘোষণা করা হবে।
ইউপি নির্বাচন একটি নির্দিষ্ট পর্যায়ে যাওয়ার পর সিটি করপোরেশনসহ অন্যান্য স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান নির্বাচন কমিশনার।
সম্পাদক ও প্রকাশক:
এ্যাডভোকেট মিঞা মোঃ শিরণ আলম
নিবার্হী সম্পাদক: মোঃ শাহ আলম মন্ডল
বার্তা সম্পাদক: ১। মোঃ মঈনুল ইসলাম
২। মোঃ হানিফুর রহমান
মফস্বল সম্পাদক: মোঃ হাসিন ইশরাক সরকার
অফিস:
ঘাটপাড়, বিরামপুর,দিনাজপুর
ইমেইল:birampurbd26@gmail.com
মোবাইল: সম্পাদক ও প্রকাশক: 01716-559608
নির্বাহী সম্পাদক: 01715-778350
Copyright © 2026 Birampurbd