
কর নির্ধারণ নিয়ে করদাতাদের মধ্যে বিদ্যমান ভয় দূর করতে দেশের কর ব্যবস্থা সহজ ও অধিকতর স্বচ্ছ করার উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রোববার জাতীয় সংসদে বাগেরহাট-৪ আসনের বিরোধী দল (জামায়াতে ইসলামী) মনোনীত সদস্য মো. আব্দুল আলীমের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী স্বীকার করেন, করদাতাদের মধ্যে এমন একটি ভয় রয়েছে যে কর রিটার্ন, বিশেষ করে সংশোধিত রিটার্ন দাখিল করলে নিরীক্ষার আওতায় পড়তে হবে এবং পরবর্তী সময়ে হয়রানির শিকার হতে হবে। তিনি বলেন, দেশে করের আওতায় আসা নিয়ে মানুষের মধ্যে যে ভয় রয়েছে, তা সত্য।
মানুষ যাতে স্বেচ্ছায় কর দিতে এগিয়ে আসে, সে লক্ষ্যে সরকার কর ব্যবস্থা সহজ করতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে জানিয়ে আমীর খসরু বলেন, বিভিন্ন কারণে মানুষের মধ্যে এ ভয় তৈরি হয়েছে। এ কারণে অনেকেই করের আওতায় আসতে চান না। তাই সরকার সামগ্রিক কর প্রক্রিয়া সহজ করার কাজ ইতোমধ্যে শুরু করেছে।
নিরীক্ষার নামে হয়রানি নিয়ে সংসদ সদস্যের উদ্বেগের জবাবে তিনি বলেন, করদাতাদের জন্য বিদ্যমান বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে অডিট বা নিরীক্ষা একটি মাত্র বিষয়।
অর্থমন্ত্রী জানান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মধ্যে কর নীতি প্রণয়ন এবং কর প্রশাসন ও বাস্তবায়নকে পৃথক করার দিকে সরকার এগোচ্ছে। যারা কর আইন ও নীতি প্রণয়ন করবেন এবং যারা তা বাস্তবায়ন করবেন, তাদের আলাদা করা হবে।
তিনি বলেন, এই পৃথকীকরণ একটি গুরুত্বপূর্ণ সংস্কার। এর মাধ্যমে কর প্রশাসনে দুর্নীতি ও অনাকাঙ্ক্ষিত প্রভাব বিস্তারের সুযোগ অনেকাংশে কমে আসবে। এটি দুর্নীতির একটি বড় সুযোগের ক্ষেত্র ছিল বলেও মন্তব্য করেন তিনি।
করদাতারা যাতে ভয় বা অপ্রয়োজনীয় জটিলতা ছাড়াই কর পরিশোধ করতে পারেন, সে জন্য কর প্রশাসনে অধিকতর স্বচ্ছতা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, বাস্তবায়ন প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা আনা হবে, যাতে প্রত্যেক করদাতা সহজেই কর দিতে এগিয়ে আসতে পারেন।
আমীর খসরু বলেন, বাংলাদেশের কর-জিডিপি অনুপাত এখনো খুবই কম। অতীতে পরিস্থিতির উন্নয়নে নেওয়া উদ্যোগগুলো যথাযথভাবে অব্যাহত না থাকায় বাংলাদেশ অনেক পিছিয়ে পড়েছে।
তিনি বলেন, কর ব্যবস্থা সহজ করা হলে আরও বেশি মানুষ করের আওতায় আসতে উৎসাহিত হবে। সরকার শুধু অডিট বা নিরীক্ষা-সংক্রান্ত উদ্বেগ নয়, কর পরিশোধে মানুষকে নিরুৎসাহিত করে এমন অন্যান্য সমস্যাও সমন্বিতভাবে সমাধানের উদ্যোগ নিয়েছে।
অর্থমন্ত্রী বলেন, এসব সমস্যা একসঙ্গে সমাধানের মাধ্যমে কর ব্যবস্থা সহজ করার কাজ চলছে। খুব শিগগিরই এর ফল দেখা যাবে।
সম্পাদক ও প্রকাশক:
এ্যাডভোকেট মিঞা মোঃ শিরণ আলম
নিবার্হী সম্পাদক: মোঃ শাহ আলম মন্ডল
বার্তা সম্পাদক: ১। মোঃ মঈনুল ইসলাম
২। মোঃ হানিফুর রহমান
মফস্বল সম্পাদক: মোঃ হাসিন ইশরাক সরকার
অফিস:
ঘাটপাড়, বিরামপুর,দিনাজপুর
ইমেইল:birampurbd26@gmail.com
মোবাইল: সম্পাদক ও প্রকাশক: 01716-559608
নির্বাহী সম্পাদক: 01715-778350
Copyright © 2026 Birampurbd