
মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, জিয়াউর রহমানই একমাত্র প্রেসিডেন্ট, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং অস্ত্র হাতে মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন।
আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের মানুষের প্রতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দায়িত্ববোধ, সততা ও সাধারণ জীবনযাপন রাজনৈতিক কর্মীদের জন্য চিরকাল অনুসরণীয় হয়ে থাকবে। তিনি বিএনপির নেতা-কর্মীদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেট ও ভোটে বিএনপি সরকার গঠন করেছে। ইতিহাসে কোনো স্বৈরাচারী বা অগণতান্ত্রিক সরকারই জনগণের ওপর জোর করে চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকতে পারেনি। সময়ের পরিক্রমায় বহু শক্তিশালী শাসকেরও পতন ঘটেছে। তাই গণতন্ত্রের মূল শক্তি জনগণ এবং জনগণই রাষ্ট্রীয় ক্ষমতার প্রকৃত উৎস।
দেশের প্রায় ৭৫ শতাংশ মানুষ কৃষি ও কৃষিকাজের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার বিশ্বাস করে, কৃষকের অর্থনৈতিক উন্নয়ন হলেই দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হবে। কৃষকের সার্বিক কল্যাণ ও উন্নয়ন ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়।
তিনি বলেন, এমন একটি সময় ছিল, যখন সাধারণ কৃষিপণ্যও আমদানি করতে হতো। তবে বর্তমান সরকারের বিভিন্ন কার্যকর পদক্ষেপের ফলে অন্তত পেঁয়াজের ক্ষেত্রে আমদানিনির্ভরতা অনেক কমেছে। আগামী দিনে নতুন প্রজন্মকে আর পেঁয়াজ আমদানি করতে হবে না। বরং বিদেশে পেঁয়াজ রপ্তানির লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবুর সভাপতিত্বে এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, এমপি; সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া; মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিবসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক:
এ্যাডভোকেট মিঞা মোঃ শিরণ আলম
নিবার্হী সম্পাদক: মোঃ শাহ আলম মন্ডল
বার্তা সম্পাদক: ১। মোঃ মঈনুল ইসলাম
২। মোঃ হানিফুর রহমান
মফস্বল সম্পাদক: মোঃ হাসিন ইশরাক সরকার
অফিস:
ঘাটপাড়, বিরামপুর,দিনাজপুর
ইমেইল:birampurbd26@gmail.com
মোবাইল: সম্পাদক ও প্রকাশক: 01716-559608
নির্বাহী সম্পাদক: 01715-778350
Copyright © 2026 Birampurbd