
ওপেনার জিসান আহমেদের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে মালয়েশিয়াকে হারিয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল।
আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মালয়েশিয়াকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ এইচপি। সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকরা জয় পেয়েছিল ৮৯ রানে।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের তৃতীয় ওভারেই প্রথম উইকেট হারায় মালয়েশিয়া। ৫ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি ওপেনার সাইফ উল্লাহ। মোহাম্মদ রুবেলের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। অন্যপ্রান্তে ২০ বলে ১৮ রান করে এইচপির বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানের শিকার হন আসলাম খান।
১৯ রানে ২ উইকেট হারানোর পর মালয়েশিয়ার অধিনায়ক সৈয়দ আজিজ ও আহমেদ আকিল ৫৮ রানের জুটি গড়েন। তবে দুজনের ধীরগতির ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায়নি সফরকারীরা। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১০৫ রান সংগ্রহ করে মালয়েশিয়া।
আকিল ২টি চারে ৩৩ বলে ৩০ রান করেন। অধিনায়ক আজিজ ৫২ বলে করেন ৪০ রান। দুজনকেই আউট করেন এইচপির পেসার আবু হায়দার রনি। এছাড়া রুবেল ও রাকিবুল একটি করে উইকেট নেন।
১০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখী ছিলেন জিসান আহমেদ ও জাওয়াদ আবরার। দ্বিতীয় ওভারে দুই চার ও দুই ছক্কায় ৮ বলে ২৩ রান করে আউট হন জাওয়াদ। এরপর তিন নম্বরে নেমে ৩ বলে ৪ রান করে ফেরেন আরিফুল ইসলাম।
দ্রুত দুই উইকেট হারানোর পর সাব্বির রহমানকে সঙ্গে নিয়ে ৫০ রানের জুটি গড়েন জিসান। সাব্বির ৮ বলে ১২ রান করে ফিরলেও শামীম পাটোয়ারিকে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন জিসান।
মাত্র ১৯ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন জিসান। শেষ পর্যন্ত ২টি চার ও ৭টি ছক্কায় ২১ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন তিনি। শামীম পাটোয়ারি ৬ বলে ৮ রান করে অপরাজিত ছিলেন।
মালয়েশিয়ার হয়ে আরিফ ২টি এবং প্রশান্ত একটি উইকেট নেন।
টি-টোয়েন্টি সিরিজ শেষে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ও মালয়েশিয়ার মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। আগামী ১২, ১৪ ও ১৬ আগস্ট বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক:
এ্যাডভোকেট মিঞা মোঃ শিরণ আলম
নিবার্হী সম্পাদক: মোঃ শাহ আলম মন্ডল
বার্তা সম্পাদক: ১। মোঃ মঈনুল ইসলাম
২। মোঃ হানিফুর রহমান
মফস্বল সম্পাদক: মোঃ হাসিন ইশরাক সরকার
অফিস:
ঘাটপাড়, বিরামপুর,দিনাজপুর
ইমেইল:birampurbd26@gmail.com
মোবাইল: সম্পাদক ও প্রকাশক: 01716-559608
নির্বাহী সম্পাদক: 01715-778350
Copyright © 2026 Birampurbd