
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, বিদ্যুৎ খাতে বিগত আওয়ামী লীগ সরকার ৫৬ হাজার কোটি টাকার বকেয়া রেখে গেছে। সেই বকেয়া পরিশোধের পাশাপাশি নতুন আর্থিক দায়ও বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। ফলে প্রতি মাসেই সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-তে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০)’ বিষয়ক নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ‘জাতীয় জ্বালানি উন্নয়ন কৌশলপত্র’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. এম শামসুল আলম।
মন্ত্রী বলেন, গত সাড়ে ১৫ বছরে গৃহীত অধিকাংশ প্রকল্পে জনকল্যাণের পরিবর্তে ব্যক্তি ও গোষ্ঠীগত স্বার্থ প্রাধান্য পেয়েছে। এর ফলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনীতিও ক্ষতির মুখে পড়েছে। পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলার দায়িত্ব এখন বর্তমান সরকারের ওপর বর্তেছে।
তিনি বলেন, আর্থিক অব্যবস্থাপনার কারণে সরকারকে অতিরিক্ত চাপ মোকাবিলা করতে হচ্ছে। আগের সরকারের সময় সম্পাদিত বিভিন্ন চুক্তির কারণে তুলনামূলক বেশি দামে বিদ্যুৎ কিনতে হচ্ছে। উৎপাদনকারী প্রতিষ্ঠানের বকেয়া বিল পরিশোধে বিলম্ব হলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হয়। এসব বাস্তবতা বিবেচনায় নিয়ে সরকার বিদ্যুতের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে।
ইকবাল হাসান মাহমুদ বলেন, জ্বালানি আমদানিনির্ভরতা কমাতে সরকার নবায়নযোগ্য জ্বালানির, বিশেষ করে সৌরবিদ্যুতের উৎপাদন বাড়ানোর ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি পেলে আমদানি ব্যয়ও উল্লেখযোগ্যভাবে কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতকে আরও দক্ষ, টেকসই ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। তবে কোনো অবস্থাতেই উচ্চমূল্যে বিদ্যুৎ ক্রয় বা উৎপাদনের অতিরিক্ত ব্যয় সাধারণ ভোক্তাদের ওপর চাপিয়ে দেওয়া হবে না।
রুফটপ সোলার ব্যবস্থার সম্প্রসারণে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, কৃষিজমি সংরক্ষণ করে পতিত জমিতে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নে সরকার গুরুত্ব দিচ্ছে।
তিনি জানান, বর্তমানে দেশের প্রায় ৮০ শতাংশ বিদ্যুৎ বেসরকারি খাতের মাধ্যমে উৎপাদিত হচ্ছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার তিন মাসের জ্বালানি মজুত রাখার পরিকল্পনা নিয়েও কাজ করছে।
মন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের সবচেয়ে বড় শক্তি জনগণ। জনগণকে সঙ্গে নিয়েই বিপুল ঋণের বোঝা কাটিয়ে ওঠা এবং নাগরিক সন্তুষ্টি নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক:
এ্যাডভোকেট মিঞা মোঃ শিরণ আলম
নিবার্হী সম্পাদক: মোঃ শাহ আলম মন্ডল
বার্তা সম্পাদক: ১। মোঃ মঈনুল ইসলাম
২। মোঃ হানিফুর রহমান
মফস্বল সম্পাদক: মোঃ হাসিন ইশরাক সরকার
অফিস:
ঘাটপাড়, বিরামপুর,দিনাজপুর
ইমেইল:birampurbd26@gmail.com
মোবাইল: সম্পাদক ও প্রকাশক: 01716-559608
নির্বাহী সম্পাদক: 01715-778350
Copyright © 2026 Birampurbd