
দেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ক্রীড়া উন্নয়ন, প্রতিভা বিকাশ এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা সমুন্নত রাখতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাহিনীর কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা ও প্রাইজমানি প্রদান করা হয়েছে।
রোববার গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমির শহিদ এলাহী বক্স অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
এ ছাড়া অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট ও উপমহাপরিচালক মো. সাইফুল্লাহ রাসেল, ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কাবাডি, উশু, বক্সিং, টেবিল টেনিস, কারাতে, ভলিবল, ব্যাডমিন্টন ও ভারোত্তোলনসহ বিভিন্ন ডিসিপ্লিনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ২৩ জন কৃতি খেলোয়াড়ের হাতে সম্মাননা ও প্রাইজমানি তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একদিকে শৃঙ্খলা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, অন্যদিকে ক্রীড়াঙ্গনেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য গৌরব বয়ে আনছে।
তিনি বলেন, আজকের এই সম্মাননা ক্রীড়াবিদদের কঠোর পরিশ্রম, আত্মত্যাগ ও দেশপ্রেমের যথার্থ স্বীকৃতি। এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলায় আরও উদ্বুদ্ধ করবে এবং দেশের জন্য নতুন সাফল্য অর্জনে অনুপ্রাণিত করবে।
বিশেষ অতিথির বক্তব্যে মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, ক্রীড়া মাদকমুক্ত, শৃঙ্খলাবদ্ধ ও মূল্যবোধসম্পন্ন যুবসমাজ গঠনের অন্যতম কার্যকর মাধ্যম। তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণ এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ে তুলতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সরকারের অংশীদার হিসেবে কাজ করে যাচ্ছে।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী আনসার ও ভিডিপি একাডেমির খেলার মাঠে অনুষ্ঠিত নবম জাতীয় বেসবল টুর্নামেন্ট-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে যোগ দেন। তিনি বাংলাদেশে বেসবলের বিকাশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ধারাবাহিক সহযোগিতা এবং সফলভাবে টুর্নামেন্ট আয়োজনের প্রশংসা করেন।
পরে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ বেসবল দলের অধিনায়কের হাতে বিজয়ী ট্রফি তুলে দেন প্রতিমন্ত্রী।
সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান সরকার তরুণ প্রজন্মের মেধা, শৃঙ্খলা ও সুস্থ মানসিক বিকাশে শিক্ষার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিচ্ছে। শুধু প্রচলিত খেলাই নয়, বেসবলের মতো সম্ভাবনাময় খেলাকেও রাজধানীকেন্দ্রিক না রেখে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় ছড়িয়ে দিতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভা বিকাশের পাশাপাশি আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরির সুযোগ আরও সম্প্রসারিত হবে।
সম্পাদক ও প্রকাশক:
এ্যাডভোকেট মিঞা মোঃ শিরণ আলম
নিবার্হী সম্পাদক: মোঃ শাহ আলম মন্ডল
বার্তা সম্পাদক: ১। মোঃ মঈনুল ইসলাম
২। মোঃ হানিফুর রহমান
মফস্বল সম্পাদক: মোঃ হাসিন ইশরাক সরকার
অফিস:
ঘাটপাড়, বিরামপুর,দিনাজপুর
ইমেইল:birampurbd26@gmail.com
মোবাইল: সম্পাদক ও প্রকাশক: 01716-559608
নির্বাহী সম্পাদক: 01715-778350
Copyright © 2026 Birampurbd