×

বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং। রাষ্ট্রীয় মর্যাদায় আয়োজিত সংবর্ধনায় তাকে লালগালিচা সংবর্ধনা, গার্ড অব অনার এবং তোপধ্বনির মাধ্যমে স্বাগত জানানো হয়।

বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’ থেকে মোটর শোভাযাত্রায় গ্রেট হলে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান লি কিয়াং। শুভেচ্ছা বিনিময় ও দুই দেশের প্রতিনিধিদলের সঙ্গে পরিচয়পর্ব শেষে চীনের প্রধানমন্ত্রী তাকে লালগালিচা বিছানো অভ্যর্থনা মঞ্চে নিয়ে যান।

অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বাংলাদেশ ও চীনের জাতীয় সংগীত বাজানো হয় এবং প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে তোপধ্বনি দেওয়া হয়। পরে দুই দেশের প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর প্যারেড পরিদর্শন করেন।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, গ্রেট হলে দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, বৈঠকে দুই দেশের সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণের বিষয়েও আলোচনা হবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের প্রথম চীন সফর। এর আগে গত ২১ জুন তিনি দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়া যান। মালয়েশিয়া সফর শেষে গত সোমবার রাতে চীনের দালিয়ানে পৌঁছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ নেন। সেখানে দুই দিনের কর্মসূচি শেষে বুধবার বিকেলে হাই-স্পিড (বুলেট) ট্রেনে বেইজিংয়ে পৌঁছান তিনি।

এর আগে ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে চীন সফর করেছিলেন তারেক রহমান। সে সময়ও তিনি বেইজিংয়ের গ্রেট হলে আয়োজিত রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)