×

প্রধানমন্ত্রী তারেক রহমান ও কাজাখস্তানের প্রধানমন্ত্রীর মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমান কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

আজ চীনের স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজাখস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেন। এ উদ্দেশ্যে দুই দেশের মধ্যে ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে দুই প্রধানমন্ত্রী একমত হন।

তাঁরা রাজনৈতিক, বাণিজ্যিক এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত বৈঠক আয়োজনের প্রয়োজনীয়তার ওপরও মত প্রকাশ করেন।

কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনাকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেন।

বৈঠকে বাংলাদেশ থেকে কাজাখস্তানে দক্ষ শ্রমিক প্রেরণ, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, প্রযুক্তি, কৃষি ব্যবসা এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে সহযোগিতার সুযোগ নিয়েও আলোচনা হয়।

এছাড়া জাতিসংঘের অধীনে পানি কূটনীতি বিষয়ে একটি বিশেষায়িত সংস্থা গঠনের কাজাখস্তানের প্রস্তাবে বাংলাদেশের সমর্থন কামনা করেন দেশটির প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের সমর্থনের কথা জানান।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)