
সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, সঙ্গীত শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি জাতির মানসিক বিকাশ, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের গুরুত্বপূর্ণ বাহক। যে জাতি সঙ্গীতকে যত বেশি গুরুত্ব দেয়, সেই জাতি তত বেশি উন্নত মানসিকতার পরিচয় বহন করে।
রোববার বিশ্ব সঙ্গীত দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আয়োজিত দুই দিনব্যাপী ‘সঙ্গীত উৎসব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “আমাদের দর্শন, শিল্প, সাহিত্য ও ঐতিহ্যের মধ্যে সঙ্গীতের একটি বিশেষ স্থান রয়েছে। ভাষা, সংস্কৃতি কিংবা ভৌগোলিক সীমারেখা ভিন্ন হতে পারে, কিন্তু সুর ও রাগের মূর্ছনা বিশ্বের সব মানুষের হৃদয় স্পর্শ করতে সক্ষম।”
বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সঙ্গীতপ্রেমী, কণ্ঠশিল্পী ও যন্ত্রশিল্পীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, সঙ্গীত মানুষে মানুষে বন্ধন গড়ে তোলে এবং বিভিন্ন দেশ ও সংস্কৃতির মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সম্প্রীতি বৃদ্ধি করে।
সঙ্গীতের চিরন্তন আবেদন তুলে ধরে নিতাই রায় চৌধুরী বলেন, “পাখির কূজন, ঝরনার কলকল ধ্বনি, জলতরঙ্গ কিংবা ঝরা পাতার শব্দ—প্রকৃতির মধ্যেই সুরের জন্ম। সেখান থেকেই মানুষের সঙ্গীতচর্চার বিকাশ ঘটেছে।”
তিনি আরও বলেন, “গান হলো ফুলের মতো। যারা ফুলকে ভালোবাসে না, তারা যেকোনো নির্মম কাজও করতে পারে।” এর মাধ্যমে তিনি মানবিকতা ও সৌন্দর্যবোধ গঠনে সঙ্গীতের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
উদ্বোধনী আলোচনা সভা শেষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবের প্রথম দিনে দেশ-বিদেশের খ্যাতিমান কণ্ঠশিল্পী ও যন্ত্রশিল্পীরা একক ও দলীয় পরিবেশনায় অংশ নেন।
সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দীন আহমেদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর আহ্বায়ক হেলাল খান। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।
দুই দিনব্যাপী এই সঙ্গীত উৎসব সোমবার শেষ হবে।
সম্পাদক ও প্রকাশক:
এ্যাডভোকেট মিঞা মোঃ শিরণ আলম
নিবার্হী সম্পাদক: মোঃ শাহ আলম মন্ডল
বার্তা সম্পাদক: ১। মোঃ মঈনুল ইসলাম
২। মোঃ হানিফুর রহমান
মফস্বল সম্পাদক: মোঃ হাসিন ইশরাক সরকার
অফিস:
ঘাটপাড়, বিরামপুর,দিনাজপুর
ইমেইল:birampurbd26@gmail.com
মোবাইল: সম্পাদক ও প্রকাশক: 01716-559608
নির্বাহী সম্পাদক: 01715-778350
Copyright © 2026 Birampurbd