
ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের অংশ হিসেবে রাজধানীর চারটি আন্তঃনগর বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।
তিনি জানান, দ্রুততম সময়ের মধ্যে রাজধানীর চারটি আন্তঃনগর বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এগুলো হলো— ফুলবাড়িয়া-গুলিস্তান, গাবতলী, মহাখালী এবং সায়েদাবাদ-যাত্রাবাড়ী বাস টার্মিনাল।
সিদ্ধান্ত অনুযায়ী ফুলবাড়িয়া-গুলিস্তান বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তর করা হবে। মহাখালী বাস টার্মিনাল অস্থায়ীভাবে পূর্বাঞ্চলে নেওয়া হবে এবং পরে স্থায়ীভাবে টঙ্গির কাছে স্থানান্তর করা হবে। গাবতলী বাস টার্মিনাল হেমায়েতপুরে এবং সায়েদাবাদ-যাত্রাবাড়ী বাস টার্মিনাল কাঁচপুর এলাকায় স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আরও জানান, রাজধানীর বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বাস কাউন্টারগুলোও দ্রুত নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাজধানীর ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়ন, এআই-ভিত্তিক ক্যামেরা স্থাপনসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় ট্রাফিক সিগন্যালিং ও এআই ক্যামেরা ব্যবস্থার কার্যকারিতায় সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
রাজধানীর যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে এটি প্রধানমন্ত্রীর তৃতীয় বৈঠক বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, বিভিন্ন সংসদ সদস্য, দুই সিটি কর্পোরেশনের প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক:
এ্যাডভোকেট মিঞা মোঃ শিরণ আলম
নিবার্হী সম্পাদক: মোঃ শাহ আলম মন্ডল
বার্তা সম্পাদক: ১। মোঃ মঈনুল ইসলাম
২। মোঃ হানিফুর রহমান
মফস্বল সম্পাদক: মোঃ হাসিন ইশরাক সরকার
অফিস:
ঘাটপাড়, বিরামপুর,দিনাজপুর
ইমেইল:birampurbd26@gmail.com
মোবাইল: সম্পাদক ও প্রকাশক: 01716-559608
নির্বাহী সম্পাদক: 01715-778350
Copyright © 2026 Birampurbd