×

৯০ মিনিটের ঝড়ে ৪৫ হাজার থেকে ৭ মিলিয়ন ফলোয়ারে ভোজিনহা

বিশ্বকাপ ফুটবলের মঞ্চ যে মুহূর্তেই একজন খেলোয়াড়কে বিশ্বজুড়ে পরিচিত মুখে পরিণত করতে পারে, তার আরেকটি উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছেন কেপ ভার্দের গোলরক্ষক জোসিমার ডায়াস, যিনি ভোজিনহা নামেই বেশি পরিচিত। মাত্র ২৪ ঘণ্টা আগেও যাকে খুব কম ফুটবলপ্রেমী চিনতেন, স্পেনের বিপক্ষে এক ম্যাচের দুর্দান্ত পারফরম্যান্সেই তিনি হয়ে উঠেছেন সামাজিক যোগাযোগমাধ্যমের নতুন আলোচিত তারকা।

২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপে স্পেনের শক্তিশালী আক্রমণভাগের সামনে গোলপোস্টের নিচে যেন মানবপ্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন ৪০ বছর বয়সী এই অভিজ্ঞ গোলরক্ষক। লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামসদের ধারাবাহিক আক্রমণ একের পর এক প্রতিহত করে তিনি নজর কাড়েন বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর।

ম্যাচ শুরুর আগে ভোজিনহার ইনস্টাগ্রাম ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীর সংখ্যা ছিল মাত্র ৪৫ থেকে ৫০ হাজার। তবে ম্যাচ শেষ হওয়ার পরপরই তার অসাধারণ নৈপুণ্যে মুগ্ধ হয়ে বিশ্বজুড়ে ভক্তরা তার অ্যাকাউন্টে ভিড় জমাতে শুরু করেন। অল্প সময়ের মধ্যেই তার অনুসারীর সংখ্যা কয়েক মিলিয়নে পৌঁছে যায়।

জোসিমার ডায়াসের ডাকনাম ভোজিনহা। ২০০৭ সাল থেকে কেপ ভার্দে জাতীয় দলের হয়ে খেলছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন ক্লাবে খেললেও বৈশ্বিক আলোচনায় আসার সুযোগ পাননি কখনো। তবে ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে, সম্ভবত নিজের শেষ বিশ্বকাপেই, স্পেনের বিপক্ষে সেই স্মরণীয় ৯০ মিনিট তাকে এনে দিয়েছে বিশ্বব্যাপী পরিচিতি ও নতুন এক পরিচয়।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)