
লেখাপড়া শেষে দেশ ও মানুষের সেবায় আত্মনিয়োগ এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। শৈলকুপা বিসিএস ক্যাডার ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে।
আইনমন্ত্রী বলেন, দেশের অর্থ পাচারকারী ও দুর্নীতিবাজদের অনেকেই উচ্চশিক্ষিত। তারা শিক্ষা অর্জন করলেও সততা ও নৈতিকতার পথ অনুসরণ করেননি। অন্যদিকে দেশের কৃষক ও শ্রমজীবী সাধারণ মানুষ সততা ও পরিশ্রমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন।
তিনি বলেন, “যারা দেশের সম্পদ লুটপাট করে বিদেশে অর্থ পাচার করেছেন, কানাডায় বেগমপাড়া গড়েছেন এবং বিশ্বের বিভিন্ন দেশে সম্পদের পাহাড় তৈরি করেছেন, তাদের অধিকাংশই উচ্চশিক্ষিত। অথচ সাধারণ কৃষক ও খেটে খাওয়া মানুষ সৎভাবে জীবনযাপন করেন।”
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের মধ্য থেকেই ভবিষ্যতের বিসিএস কর্মকর্তা, চিকিৎসক ও প্রকৌশলী তৈরি হবে। আপনারা দেশ ও জনগণের কল্যাণে কাজ করবেন এবং দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”
আইনমন্ত্রী আরও বলেন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। শৈলকুপায় কোনো দুর্নীতিবাজের বিরুদ্ধে অভিযোগ উঠলে তার প্রতিবাদ করতে হবে। এমনকি তাঁর বিরুদ্ধেও যদি দুর্নীতির অভিযোগ ওঠে, তাহলে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিতে হবে।
তিনি বলেন, জীবনে চলার জন্য সীমাহীন অর্থের প্রয়োজন নেই। সম্মান, সততা ও বিবেকের কাছে দায়বদ্ধ থেকে সুন্দর জীবনযাপনই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
শৈলকুপা বিসিএস ফোরামের সভাপতি ও জাতীয় বার্ন ইউনিটের পরিচালক অধ্যাপক ড. মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ও সরকারের যুগ্মসচিব গিয়াস উদ্দিন, পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খানসহ অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠান শেষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য ভর্তি হওয়া কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও স্মারক তুলে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক:
এ্যাডভোকেট মিঞা মোঃ শিরণ আলম
নিবার্হী সম্পাদক: মোঃ শাহ আলম মন্ডল
বার্তা সম্পাদক: ১। মোঃ মঈনুল ইসলাম
২। মোঃ হানিফুর রহমান
মফস্বল সম্পাদক: মোঃ হাসিন ইশরাক সরকার
অফিস:
ঘাটপাড়, বিরামপুর,দিনাজপুর
ইমেইল:birampurbd26@gmail.com
মোবাইল: সম্পাদক ও প্রকাশক: 01716-559608
নির্বাহী সম্পাদক: 01715-778350
Copyright © 2026 Birampurbd