×

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ বিরোধীদলীয় নেতার জাতীয় সংসদ ভবনস্থ কার্যালয়ে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে দেশটির দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতীক কারকিও উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতে বিরোধীদলীয় নেতা নেপালে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, ভূমিধস ও পাহাড়ধসে জানমালের ক্ষয়ক্ষতির ঘটনায় শোক প্রকাশ করেন। একই সঙ্গে তিনি রাষ্ট্রদূতের কাছে নেপালের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন।

সহানুভূতি প্রকাশ করায় বিরোধীদলীয় নেতার প্রতি কৃতজ্ঞতা জানান নেপালের রাষ্ট্রদূত। প্রাকৃতিক দুর্যোগের শুরু থেকেই বিরোধীদলীয় নেতার আন্তরিক তৎপরতা ও শোকবার্তা প্রেরণের কথা উল্লেখ করে তাকে ধন্যবাদ জানান তিনি।

নেপালে চলমান উদ্ধার তৎপরতা, মানুষের দুর্ভোগ, ভূমিধসজনিত ধ্বংসযজ্ঞ ও ক্ষয়ক্ষতির বিষয়েও রাষ্ট্রদূত বিরোধীদলীয় নেতাকে অবহিত করেন।

এর পরিপ্রেক্ষিতে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নেপালের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নেপালের পাশে সর্বাত্মকভাবে থাকার আশ্বাস দেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)