×

বাংলাদেশ-চীন বন্ধুত্ব আরও গভীর হবে: রিজভী

প্রধানমন্ত্রী তারেক রহমানের চলমান চীন সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক এবং কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, শিল্প, অবকাঠামো ও সেবা খাতে চীনের বড় ধরনের বিনিয়োগ রয়েছে। দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ১৮ বিলিয়ন ডলার। প্রধানমন্ত্রীর এ সফরের মাধ্যমে অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, চীনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে বিশ্বনেতারা প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিজ্ঞতা ও উদ্যোগের প্রশংসা করেছেন। বিশেষ করে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তার বক্তব্য এবং বাংলাদেশের উদ্যোগ আন্তর্জাতিক মহলে ইতিবাচকভাবে মূল্যায়িত হয়েছে।

নবায়নযোগ্য জ্বালানির প্রসঙ্গ তুলে রিজভী বলেন, সৌরবিদ্যুতে কর-সুবিধা প্রদান জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় ২০ শতাংশ সৌরবিদ্যুৎ থেকে অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

রিজভী বলেন, চীন এমন একটি দেশ, যা অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে না। অতীতের একমুখী পররাষ্ট্রনীতির পরিবর্তে বর্তমানে বহুমুখী পররাষ্ট্রনীতির প্রতিফলন দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বহুমুখী পররাষ্ট্রনীতির সূচনা করেছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সেই ধারাই অনুসরণ করছেন। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রেখে স্বাধীন পররাষ্ট্রনীতি বাস্তবায়নের নীতিরই প্রতিফলন বর্তমান কূটনৈতিক কর্মকাণ্ডে দেখা যাচ্ছে।

রিজভীর মতে, প্রধানমন্ত্রীর এই সফর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং চীনের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার হিসেবে কাজ করছে এবং জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই রাষ্ট্র পরিচালনা করছে। তিনি দাবি করেন, নানা ষড়যন্ত্র ও চ্যালেঞ্জের পরও বিএনপির জনপ্রিয়তা অটুট রয়েছে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)