
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পণ্যবাহী ট্রাকের চাপায় রাশেদুল ইসলাম জনি (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকালে জয়পুরহাট-হিলি সড়কের পাঁচবিবি উপজেলার লাঙ্গলহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাশেদুল ইসলাম জনি পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের নওদা ফেনতারা গ্রামের আব্দুর রশিদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে পাঁচবিবি বাসস্ট্যান্ড এলাকায় যান জনি। পরে পাঁচমাথা মোড়ের দিকে যাওয়ার পথে লাঙ্গলহাটি এলাকায় তার মোটরসাইকেলটি চাকা পিছলে সড়কে পড়ে যায়। এ সময় জয়পুরহাট থেকে হিলিগামী একটি মালবোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাক ও এর চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
পাঁচবিবি থানার পরিদর্শক (তদন্ত) ইমায়েদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ট্রাক ও চালক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
